যশোরে আজ শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ডিজিটাল এক্সপো

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো যশোরে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের কম্পিউটার মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যশোর শাখার উদ্যোগে আজ বুধবার থেকে ৫ দিনব্যাপী এই বিসিএস ডিজিটাল এক্সপো যশোর ২০১৩ শুরু হবে। মেলা আয়োজক কমিটির আহ্বায়ক দীনেশ মজুমদার জানান, তথ্যপ্রযুক্তিসেবাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মূলত এ মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীতে ২৫ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী এবং আইসিটি শিক্ষা উপকরণ প্রদর্শন করা হবে।