‘ঘরে বসে কেনাকাটার উত্সব’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ‘ই-বাণিজ্য মেলা ২০১৩’। রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগত্ এই ই-বাণিজ্য মেলার আয়োজক। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা জেলা প্রশাসন। মেলার আয়োজক সূত্রে জানা যায়, দেশে ই-কমার্স সম্পর্কে জনসচতেনতা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৪০টি স্টলসহ ৩৪টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা উপলক্ষে পণ্য ও সেবা ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ যেমন থাকবে, তেমনি এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে মেলা প্রাঙ্গণেই তিন দিন মোট পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়েছে। www . facebook . com /ECommerceFair এবং www.e-commercefair.com সাইট থেকে জানা যাবে মেলার প্রয়োজনীয় তথ্য।
