বিপিএল খেলোয়াড়দের পাওনা

উল্টো দাবি চিটাগাং কিংসের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৯
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গভর্নিং কাউন্সিল দাবি করছিল, তাদের না জানিয়েই চিটাগাং কিংসসহ কিছু দল বিপিএল খেলোয়াড়দের হাতে হাতে টাকা দিয়ে দিয়েছে। ‘আইন বহির্ভূত’ এ কাজ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। কিন্তু একেবারেই উল্টো দাবি করছেন চিটাগাং কিংস দলটির মালিকপক্ষ। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে দলটির মালিক সামির কাদির চৌধুরী বললেন, ‘আমরা বিসিবিকে জানিয়েই ক্রিকেটারদের পারিশ্রমিক হাতে দিয়েছি। কারণ, কিছু খেলোয়াড় টাকা হাতে না পেলে বিপিএল খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তাই তাদের আনতে আমাদের অগ্রিম টাকা দেয়ার প্রয়োজন হয়েছিল। এটা বিসিবিকেও জানিয়েছি। এখন যদি তারা এ কথা বলে আমাদের কিছুই করার নেই’। বিপিএল শুরুর আগে চুক্তি মোতাবেক ক্রিকেটারদের শতকরা ২৫ ভাগ টাকা দেয়ার কথা থাকলেও সে আইন মানেনি ফ্রাঞ্চাইজিগুলো। কয়েক দফা তারিখ পরিবর্তন করার পর পাঁচটি দলের মালিক ক্রিকেটারদের টাকা বিসিবিকে দিলেও সিলেট রয়েলস ও চিটাগাং কিংস ক্রিকেটারদের টাকা সময়মত দেয়নি। বরং বিসিবিকে পাশ কাটিয়ে কিছু ক্রিকেটারের হাতে পারিশ্রমিক দিয়েছে। গত মঙ্গলবার বিসিবি সভা শেষে জানানো হয়, এ দুই ফ্রাঞ্চাইজিকে বিপিএল গভর্নিং কাউন্সিলর চিঠি দেবে—কেন তারা ক্রিকেটারদের হাতে টাকা দিয়েছে? তবে কাল বিকাল পর্যন্ত এ ধরনের কোন চিঠি পায়নি দুটি ফ্রাঞ্চাইজির কেউই। চিটাগাং কিংসের মালিক বলেন, ‘আমরা এ খবরটি শোনার পর আজ (কাল) সকালে তাদের ফোন করেছি। চিঠির কথা জিজ্ঞেস করেছি। আমাদের সমস্যা কোথায় সেটাও তাদের জিজ্ঞেস করেছি। তারা এ বিষয়ে কিছু বলতে পারেনি। তাছাড়া বিসিবির কাছ থেকে এ ধরনের কোন চিঠি আমরা পাইনি’। এ প্রসংগে বিপিএল গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘চিটাগাং কিংসের মালিকের চাচা মারা গেছেন বলে তারা সভায় সময়মত আসতে পারেননি। আজ (কাল) রাতে তাদের সাথে বসার কথা। আর আমরা আগেও বলেছি এখনো বলছি, ক্রিকেটারদের অগ্রিম টাকা দেয়ার ব্যাপারে আমরা তাদের চিঠি দেব। কেন তারা অগ্রিম টাকা দিয়েছে সেটার জবাব দেবে তারা’। চিটাগাং কিংসের মালিক কাদির চৌধুরী জানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী ২৫ ভাগ টাকা পরিশোধ করা হবে। এছাড়া যাদের কিস্তির টাকা বেশি দেয়া হয়েছে, সেটাও বিসিবির সাথে সামঞ্জস্য করা হবে বলে তিনি জানান।