স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল সাত মাস পর কোর্টে ফিরেই জয়ের দেখা পেলেন। হাঁটুর ইনজুরির কারণে এই দীর্ঘ সময়ে কোর্টের বাইরে ছিলেন তিনি এবং ফিরে এসেই চিলিয়ান ওপেনে আর্জেন্টিনার জুয়ান মোনাকোর সাথে জুটি বেঁধে ডাবলসে জিতলেন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্লে কোর্টের এ খেলাটিতে দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের ফ্রানটিসেক কারমাক ও লুকাস ডিলৌহিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দেন নাদাল জুটি। জয় তুলে নিতে সময় লেগেছে ৬৫ মিনিট। বর্তমানে ২৬ বছর বয়সী ক্লে কোর্টের রাজা নাদাল সর্বশেষ খেলেছেন গত বছর জুনের শেষে উইম্বলডনে।
ওই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন তিনি চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলের কাছে হেরে। ১১টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল বলেন, ‘খুবই ভাল লাগছে আবারো খেলতে পেরে এবং আমি খুবই খুশি এটা করতে পেরেছি বন্ধু মোনাকোর সাথে। কোর্টের পরিবেশ যেমন আগে পেয়েছি তেমনটি ছিল। ডাবলসে চাপটা সবসময় কম থাকে। আমরা দেখবো সিঙ্গেলসে কি হয়। আর আমার শারীরিক পরিস্থিতি কেমন।’ শরীর ফিট না থাকায় চলতি বছরের জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে পারেননি। নাদাল আগামী জুনে ২৭ বছরে পড়বেন। এজন্যই হয়তো খেলার ব্যাপারে বেশ সতর্ক তিনি। স্পানিশটি জানান ব্যথা কিছুটা রয়ে গেলেও সেরে ওঠার ব্যাপারে তার কোন তাড়া নেই। চিলির এই ভিনা ডেল মার টুর্নামেন্টের মাধ্যমে শুরু হয়েছে ক্লে কোর্ট মৌসুম। এই মৌসুমেই রয়েছে প্যারিসে ফরাসি ওপেন। টুর্নামেন্টটি শুরু হবে মে তে। নাদাল বলেন, ‘আমার লক্ষ্য সাহসিকতার সাথে লড়াই করা। আশা করি হাঁটু সুস্থ হয়ে যাবে এটা জন্য।’ গতকালই নাদালেরর দ্বিতীয় রাউন্ডের সিঙ্গেলস ম্যাচ ছিল আর্জেন্টিনার বাছাই ফেডেরিকো ডলবনিসের বিপক্ষে।
