খোলা বাজারে বিনামূল্যের বই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৯
সরকার সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছেন। পহেলা জানুয়ারিকে পাঠ্যপুস্তক উত্সব দিবস ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় ও টেলিভিশনে বিশেষ রিপোর্ট দেখানো হয়েছে। বাস্তব সত্য হলো, যতটা প্রচার করা হয়েছে আসলে ততটা ঘটেনি। এখনো অনেক স্কুল আছে সেখানে সম্পূর্ণ বই পৌঁছায়নি। কিছু কিছু স্কুলে অর্ধেক বই দেয়া হয়েছে অথচ এক মাস শেষ হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্য হলো, যেসব বই এখনো স্কুলে পৌঁছায়নি, পরে দেয়া হবে বলে ছাত্র-ছাত্রীকে আশ্বস্ত করা হচ্ছে সেই বিনামূল্যে বিতরণের জন্য বইটি অতি উচ্চ দামে রাজধানীর বাংলাবাজারে উন্মুক্ত বিক্রি হচ্ছে! স্কুল থেকে আর হয়তো বই পাবেন না এই ভেবে অভিভাবকরা বই কিনছেন। আমার প্রশ্ন যেখানে এখনো অনেক স্কুলে সরকারি বই পৌঁছায়নি সেখানে বাংলা বাজারের লাইব্রেরিতে কীভাবে পৌঁছালো? এ অপকর্মের সঙ্গে কারা জড়িত? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদনে দেখলাম, বাংলাবাজারে বিনামূল্যে বিতরণের বইটি বিক্রি করে ৩/৪ জন ক্যামেরায় ধরা পড়েছেন এবং দোষ স্বীকার করেছেন। ঐ প্রতিবেদক এই ঘটনা জানতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করতেই জানালেন, বাংলাবাজারে বই পাওয়া যাচ্ছে এটা সত্য নয়, তারা নাকি ক্রেতা বেশে গিয়ে কাউকে পাননি! কথা হচ্ছে— দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বিনামূল্যের বই খোলাবাজারে বিক্রি হতে না পারে। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। মুহাম্মদ মাহমুদ আলী (জনি) ২৯/২৯/১, দক্ষিণ মৌশুণ্ডি, নারিন্দা, ঢাকা-১১০০।