উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেণিকক্ষে ছাত্রদের দেয়া তালা খুলে দেয়া হলেও বিক্ষুব্ধ ছাত্ররা মঙ্গলবার পুনরায় কেশবপুরের কোমরপোল আইডিয়াল কলেজের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে গত কয়েক দিন ধরে ছাত্ররা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছে।
জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলক চন্দ্র মণ্ডলের অপসারণের দাবিতে এবং সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার দাবিতে ছাত্ররা ক্লাসে তালা ঝুলিয়ে দেয়। গত ২৬ জানুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ পদত্যাগ করায় ৩০ জানুয়ারি কলেজ পরিচালনা কমিটির সভায় জুনিয়র শিক্ষক গোলক চন্দ্র মণ্ডলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হলে ছাত্ররা আন্দোলন শুরু করে।
ছাত্রদের শ্রেণিকক্ষে তালা ঝুলানোর ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলক চন্দ্র মণ্ডল জানান, ছাত্ররা পদত্যাগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। পদত্যাগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মূলত ছাত্রদের সাথে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের সম্পর্কের ঘাটতি থাকায় তারা এ ধরনের আন্দোলন করে করছে।
