কাদের মোল্লার রায়ে আমরা সন্তুষ্ট নই :হানিফ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে কাদের মোল্লার রায়ে পুরো জাতির সাথে আমরাও সন্তুষ্ট হতে পারিনি। তবে আমরা সন্তুষ্ট না হলেও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে। মানবতা বিরোধী যুদ্ধা-পরাধীদের বিচার বানচাল করার জন্য বিএনপি-জামায়াত জোট সারা দেশে নাশকতা সৃষ্টি করে এ বিচার নস্যাতের চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন। কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনের সভায় তিনি এসব কথা বলেছেন। জামায়াতের সাথে আওয়ামী লীগের আঁতাতের প্রশ্নে হানিফ বলেন, আওয়ামী লীগ কারও সাথে আঁতাত করে রাজনীতি করে না। তত্ত্ব্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিষয়ে তিনি বলেন, অসাংবিধানিক বিষয়ে আওয়ামী লীগ এগুতে চায় না। সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকারম হোসেন সাচ্চুর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, চলতি মাসেই সরকার কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এমপি, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা এমপি। কাউন্সিলে উপস্থিত হয়ে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য সচিব আব্দার হোসেন বুলু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান প্রায় সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।