সোনালী ব্যাংকের পরিচালক সাইমুমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সাইমুম সরওয়ার কমলকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার কক্সবাজারে সাইমুমের গ্রামের বাড়ির ঠিকানায় নোটিস পাঠিয়েছে দুদক। নোটিসে ১৭ ফেব্রুয়ারি তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। এদিকে মামলার তদন্ত সূত্রে জানা গেছে নন-ফান্ডেড আরও প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার প্রস্তুতি নিয়েছে দুদক। কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুঁইয়া জানান, হলমার্কের আত্মসাত্কৃত মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে প্রথমে ফান্ডেড ১ হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের তদন্ত করছে দুদক। আত্মসাত্ করা অর্থের মধ্যে (ফান্ডেন্ড অংশের) প্রায় আড়াইশ কোটি টাকার বিষয়ে সাইমুম সরওয়ার কমলকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, ব্যাংকিং খাতের সর্ববৃহত্ জালিয়াতির ঘটনায় গত ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তার স্ত্রী জেসমিন ইসলাম ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করেছে দুদক। ওই মামলায় ফান্ডেড ১ হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে আট সদস্যের বিশেষ টিম হলমার্ক কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করছেন।