জামায়াতের সঙ্গে জোটবদ্ধ খালেদার হাতে গণতন্ত্র নিরাপদ নয়:তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়া যতোদিন জামায়াত শিবিরের সাথে জোটবদ্ধ থাকবেন ততোদিন তার হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের যে রায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সরকার ও জনগণ এখন উচ্চতর আদালতের দিকে চেয়ে আছেন। গতকাল বুধবার বিকালে লালদীঘির ময়দানে জাসদ চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ নেতা হাসানুল হক ইনু উপরের কথাগুলো বলেন। জনসভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন জাসদ কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি। প্রধান অতিথি ও জাসদ নেতা হাসানুল হক ইনু আরো বলেন, যারা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মানে না এবং এর বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্র, সংবিধান, মানবাধিকার, আইনের শাসন ও একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী। যারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে অরাজকতা করছে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, জামায়াত শিবির মুনাফেক, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।