সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির নিকটবর্তী আল-আইন নগরীতে গত সোমবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২২ জনে মধ্যে ২০ জনই বাংলাদেশি। গতকাল বুধবার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলের লতিফুল হক কাজমি জানান, ঐ সড়ক দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ২০ জনই বাংলাদেশের নাগরিক। একজন ভারতীয় ও অপরজন মিসরীয় নাগরিক। পরবর্তী চারজন বাংলাদেশির মধ্যে তিনজনের পিতৃ পরিচয় জানা গেছে। তারা হলেনঃ লক্ষ্মীপুরের কমলনগরের মনির হোসেনের ছেলে ফারুক হোসেন, চট্টগ্রামের ফটিকছড়ির আমিনুল হকের ছেলে নূরুল আলম ও চট্টগ্রামের রাউজান উপজেলার মো. ইদ্রিসের ছেলে খোরশেদ আলম। অপরজন খোরশেদ আলমের ভাই মাসুদ রানা। শ্রম কাউন্সিলর জানান, দুর্ঘটনার বিষয়ে এখন পুলিশি তদন্ত চলছে। এতে পাঁচদিন লাগবে। তদন্ত শেষে মরদেহগুলো দেশে পাঠানো হবে।
