কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি, সারাদেশে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা ও চট্টগ্রামের মতো সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ সাজা অর্থাত্ ফাঁসির দাবি জানিয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর: সিলেট অফিস : যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের এক সমাবেশ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, এ রায় আমাদের হতাশ করেছে। ফাঁসিই যুদ্ধাপরাধীদের প্রাপ্য সাজা। গাইবান্ধা প্রতিনিধি : কাদের মোল্লার মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়কে প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গতকাল বুধবার গাইবান্ধায় ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একই দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলও বুধবার শহরে বিক্ষোভ সমাবেশ করে। পঞ্চগড় প্রতিনিধি : কাদের মোল্লার ফাঁসির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বুধবার সকালে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মহাজোটের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেয়। জয়পুরহাট প্রতিনিধি : কাদের মোল্লার ফাঁসির দাবিতে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার বেলা ১১টার সময় জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে একটি মিছিল বের করে। বক্তারা বলেন, কাদের মোল্লার মতো যুদ্ধাপরাধীকে দেয়া রায় জনগণ মেনে নেয়নি। এই রায় বাতিল করে অবিলম্বে তার ফাঁসির রায় দেয়ার দাবি জানানো হয়। রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : গতকাল বুধবার ঝালকাঠির রাজাপুরে শহর ছাত্রলীগ আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত থেকে সরকারের কাছে অতি শীঘ্র সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন। নোয়াখালী প্রতিনিধি: কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বাতিল করে ফাঁসির দাবিতে গতকাল বুধবার নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগ ও সহ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নরসিংদী প্রতিনিধি: কাদের মোল্লা ওরফে কসাই মোল্লার যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবের সন্মুখে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের জনগণ। এসময় কাদের মোল্লার ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তাতে আগুন ধরিয়ে দেয়। চুয়েট প্রতিনিধি:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে কাদের মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন এবং প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ও শহীদ মিনারে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রূপগঞ্জ সংবাদদাতা:কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল করে ফাঁসির দাবিতে গতকাল বুধবার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। উপজেলার রূপসী এলাকায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছিবুর রহমান হাছিব ও সহ-সভাপতি আনোয়ার পারভেজ টিপুর নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের করা হয়। খুলনা অফিস:কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিলসহ নগরীর পিকচার চ্যালেস মোড়ে ছাত্রলীগ অবস্থান কর্মসূচি ও কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করে। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাহার করে ফাঁসির দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পোষ্ট অফিস মোড় হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণের সময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ এই বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায়। বরিশাল অফিস:মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সম্মুখে মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম। ঠাকুরগাঁও প্রতিনিধি: কাদের মোল্ল¬ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে অসন্তুষ্ট ঠাকুরগাঁওয়ের সুধী সমাজ। ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিক সমাজ। গতকাল বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি:একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস তালেব জগেজ্যাতি স্মৃতি পরিষদ। বুধবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে মোমবাতি জ্বালিয়ে, গলায় ফেস্টুন বেঁধে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানানো হয়। ফরিদপুর প্রতিনিধি: কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফরিদপুরে বিভিন্ন সংগঠনের কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শহরে পৃথকভাবে মিছিল ও মানববন্ধন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এবং মেডিক্যাল কলেজ ছাত্র-ছাত্রীরা। অপরদিকে একই দাবিতে শহরের মেডিক্যাল কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন থেকে তারা কাদের মোল্লার রায় পুনর্বিবেচনা করে যাবজ্জীবনের পরিবর্তে ফাঁসির দাবি জানান। সাতক্ষীরা প্রতিনিধি: কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১২টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে এ বিক্ষাভ মিছিল বের করা হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা মুক্তিযোদ্ধা সংসদের সামনে সমাবেশ করে। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: গতকাল বুধবার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে ও জামায়াতের ডাকা হরতাল বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বালিজুড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।