যুদ্ধাপরাধের মামলায় কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় আওয়ামী লীগের ওয়েবসাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়েছে হ্যাকারদের একটি সংগঠন। গতকাল বুধবার সকালে আওয়ামী লীগের ওয়েবসাইটে (www.albd.org) গেলে কালো পৃষ্ঠায় হ্যাক করার একটি নোটিস দেখা যায়। সকালে ওয়েবসাইট স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ শুরু হলে সেখানে নোটিস দেখা যায় ‘রক্ষণাবেক্ষণ চলছে’। তবে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ওয়েবসাইটের তদারকির দায়িত্বে রয়েছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল। এ সেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়েবসাইট আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করছেন।
ফিনিস্ক ৬৪ নামে হ্যাকারদের সংগঠনটি তাদের নোটিসে বলে, ৩০ লাখ শহীদ ও চার লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চালানো হয়েছে এবং তার মধ্য দিয়ে বাঙালি জাতিকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, অসম্মান করা হয়েছে শহীদদের। আমরা চাই সমগ্র রাজাকারের ফাঁসি হোক...।
