তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রাকৃতিক দুর্যোগের সময় নোংরা রাজনীতি না করে জনগণের পাশে থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সব সময় দুর্যোগ নিয়ে অশুভ ও নোংরা রাজনীতি করে। বিএনপি মহাসচিবের মন্তব্যে সেটি প্রকাশ পেয়েছে’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকার ও প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি টিম গঠন করেছে এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক করেছে। তিনি বলেন, দলের দুর্যোগ ও ত্রাণ উপ-কমিটি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি বিবৃতি দেয় কিন্তু ঘূণিঝড় ফণী মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
আরো পড়ুন: সামিট এলএনজি থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু
দেশের মানুষ ১৯৯১ সালে ঘূণিঝড়ের সময় বিএনপির ভূমিকা ভুলে যায়নি। এই ঝড়ে দুই লাখের বেশী মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্তের অভাবে বিমান বাহিনীর অনেক এয়ার ক্রাফট এবং নৌবাহিনীর জাহাজ ধ্বংস হয়েছে। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৯৯১ এর সাইক্লোন নিয়ে তামাশা করেছেন। তবে মির্জা ফখরুল তা ভুলে গেছেন।
হাছান বলেন, আয়নায় নিজের চেহারা দেখুন, ফণী মোকাবেলায় আমরা পদক্ষেপ নিয়েছি এবং আপনাকেও (বিএনপি) জনগণের পাশে দাঁড়াতে হবে।
ইত্তেফাক/এমআই
