ওয়েম্বলিতে ব্রাজিলের হার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
দীর্ঘদিন পর আবার ব্রাজিল দলের দায়িত্বে ফিরেছেন বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপ স্কলারি। এবার তার চ্যালেঞ্জটা আরো বেশি। তাই তার ওপর প্রত্যাশার চাপ, তিনি দেশের মাটির বিশ্বকাপ জেতাবেন দলকে; কিন্তু ব্রাজিলকে নিয়ে এবারের অভিযানের প্রথম ম্যাচেই হেরে গেলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে; কিন্তু এই হারের পরও স্কলারি বলছেন, এতে হতাশার কিছু নেই। স্কলারি বরং ইংল্যান্ডের মতো অভিজ্ঞ দলের বিপক্ষে নিজেদের ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্টই, ‘আমি হতাশ নই। শক্তিশালী তারকায় সাজানো এবং দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের মোকাবেলা করেছি আমরা। তাই আমি হতাশ নই। পুরো কৃতিত্ব দিতে হবে তাদের খেলোয়াড়দের। তাদের খেলার ধরন ভাল। এরা অনেক শক্তিশালী এবং সাজানো। আমি বিস্মিত হইনি, কারণ ইংল্যান্ড এভাবে খেলবে জানতাম। যেহেতু তারা দারুণ ফর্মে রয়েছে। এখন দেখার বিষয় বিশ্বকাপে তারা কী করে।’ রোনালদিনহোর বিস্ময়কর গোলে ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ড বিদায় নিয়েছিল; কিন্তু ব্রাজিলকে প্রথম এগিয়ে দেয়ার সুযোগ নষ্ট করলেন ব্রাজিলের সাবেক এই বিশ্বসেরা তারকা। তিনি এ ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে পারলেন না। ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট রোনালদিনহোর প্রচেষ্টা রুখে দেন। স্কলারি জানান, সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহোর জাতীয় দলের ভবিষ্যত্ অনিশ্চিত নয়। তবে ভাল খেলে দলে জায়গা নিতে হবে। এ প্রসঙ্গে স্কলারি বলেন, ‘ব্রাজিলে প্রথম ম্যাচে সে ৯০ মিনিট খেলেছিল। কিছু কাজ তাকে করতে হবে; কিন্তু সে ভাল খেলেছে এবং সে এই কাজ ধরে রাখলে আবারো সুযোগ পাবে।’