ওসমানীনগরে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া উত্সব’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
সিলেটের ওসমানীনগরের বানাইয়া বিলে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া উত্সব’। প্রতিবছরের মতো এবারও উত্সবে অংশগ্রহণ করেন এলাকার শতাধিক কৃষক, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যেকেই বোয়াল, শউল, রুই, মৃগেল, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ নিয়ে ফিরেছেন বাড়ি। ‘পলো বাওয়া উত্সব’কে কেন্দ্র করে প্রায় ১০-১২ গ্রামের মানুষ সকাল থেকে দল বেঁধে মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিলের পাড়ে হাজির হন। সকাল ৭টায় সবাই এক সঙ্গে নামেন বিলে। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। এ দৃশ্য উপভোগ করতে বিল পাড়ে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ হাজির হন। শুধু বাঁশের তৈরি পলো নয় অনেকেই মাছ শিকারের জন্য চিটকি, পেলোন ও মুনিপুরিজাল নিয়ে নামেন বিলে। দুপুর ২টায় শেষ হয় উত্সব। এলাকাবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে, যুগ যুগ ধরে ওসমানীনগরে পলো বাওয়া উত্সব পালন করা হচ্ছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন। একসময় হাজার হাজার মানুষ পলো নিয়ে মাছ ধরতে নামতেন। সে ছিল এক মহাত্সব। এলাকায় মাইকিং করা হতো। নদী-বিলের পাড়ে ভোর না হতেই দোকান-পাট রকমারী সওদা নিয়ে বসে যেতো। দূর-দূরান্ত থেকে মানুষ এসে যোগদান করতো ‘পলো বাওয়া উত্সবে’। কেউ কেউ আগের দিন এসে থাকতেন নিকট আত্মীয় বাড়িতে। হাওর পাড়ে একটা উত্সব উত্সব ভাব বিরাজ করতো। কিন্তু এখন সব বদলে গেছে। পানি শূন্য বিলে এখন আর আগের মতো মাছ নেই। গ্রামীণ অনেক ঐতিহ্যের মতোই এটিও হারিয়ে যেতে বসেছে।