বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনসহ ১৩ শিক্ষার্থীকে বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক সেমিস্টারের জন্য (জানুয়ারি-জুন/১৩) বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকৃবি রেজিস্ট্রার নজিবুর রহমান এ খবরের সত্যতা স্বীকার করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ১১/২ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে শামছুদ্দিন আল আজাদ ও রফিকুজ্জামান ইমন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে দুই পক্ষের গুলির মাঝে পড়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়রা গ্রামের মাদ্রাসা ছাত্র রাব্বি (১২) গুলিতে নিহত হয়। রাব্বি নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ বয়রা গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
বুধবার বহিষ্কৃত অন্যরা হলেন- পারভেজ কবির, শাহিন মাহমুদ, এস এম রায়হান, আসাদুজ্জামান খোকন, আনোয়ার পারভেজ রিপন, নয়ন হাওলাদার, শাকিল মজুমদার, রুকুনোজ্জামান, শাহাব উদ্দিন শিহাব ও ইয়াহিয়া ইমরান।
