সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণার্থীর মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে বুধবার দুপুরে এক প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। একাডেমির একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঐ প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়। তার নাম জিয়াউল হক (২৫)। তিনি একাডেমির ৩৩তম বহিরাগত এসআই ব্যাচের একজন ক্যাডেট (১১৮৪) ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর গ্রামের সাজ্জাদ বিশ্বাসের ছেলে। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পাসিং আউট শেষে তার নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। তিনি ছয়তলা বিশিষ্ট ব্যারাক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে সম্পর্কে পুলিশ একাডেমির পদস্থ কর্মকর্তারা কিছু অবগত নন বলে জানান। একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) সৈয়দ হারুন অর রশিদ বলেন, জিয়াউল হক গতকাল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুইটি ক্লাসে যোগদান করেন। চা-বিরতির সময় তিনি ব্যাগ শ্রেণিকক্ষে রেখেই ব্যারাকে যান। ২০ মিনিট পর পুনরায় ক্লাস শুরু হলে তিনি অনুপস্থিত ছিলেন। বেলা পৌণে ১টার দিকে ছয়তলা ব্যারাকের পাশে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।