ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম তালুকদার (২৮) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হন। বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাদ্দাম সকালে তার বাড়ির পুকুরে চাষ করা মাছ স্থানীয় বাজারে বিক্রির পর একটি নছিমনে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে হেলে থাকা একটি গাছের সাথে সাদ্দামের মাথায় ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে দ্রত সাদ্দামকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম নোয়াগাঁও গ্রামের মহিউদ্দিন তালুদারের ছেলে। তিনি বিজিবি’র সদস্য হিসেবে রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ছুটিতে তিনি বাড়ি আসেন। তার ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
