বংশালে হোটেল কক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
রাজধানীর বংশালে একটি আবাসিক হোটেল থেকে বৃষ্টি আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শুভেচ্ছা হোটেলের ৩০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে সল্লিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, কে বা কারা ঐ তরুণীকে পরিকল্পিতভাবে হোটেল কক্ষে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখে বাইরে থেকে কক্ষে তালা দিয়ে পালিয়েছে। নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। জানা যায়, নিহত তরুণী এক যুবককে সাথে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঐ হোটেলে উঠে। হোটেল রেজিস্টারে তরুণীর নাম বৃষ্টি আক্তার ও স্বামী হিসেবে যুবকের নাম রিজভী লেখা হয়। ঠিকানা দেয়া হয় কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রাম। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারী নিহত তরুণীর পূর্ব পরিচিত বা প্রেমিক হতে পারে। তরুণীকে কৌশলে হোটেল কক্ষে উঠিয়ে হত্যার পর ঐ যুবক পালিয়ে যায়। পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।