মধ্যপ্রাচ্যের আমিরাতের আলআইনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫জনই ফটিকছড়ির। এরা হচ্ছেন- পাইন্দং ইউপির মো.আলাউদ্দিন আলো, আরিফ ইসলাম সাদ্দাম, ধর্মপুর ইউপির মো.হাসেম ওরফে হারুন, কাঞ্চন নগর ইউপির নুরুল আলম ও রোসাংগিরি ইউপির সিরাজুল ইসলাম মজুমদার। এদিকে নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারি এখনো থামেনি। এসব এলাকায় শোকের মাতম চলছে। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী উত্তর ধুরুং এলাকার ব্যবসায়ী সুপন দে জানান, নিহতদের লাশ দেশে পাঠাতে আরো ৪/৫দিন সময় লাগতে পারে। নিহতরা যে কোম্পানির অধীনে কাজ করতো সে কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় করে তবেই লাশ পাঠানো হবে। নিহতদের লাশ বর্তমানে আলআইনের জিমি হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া উক্ত ঘটনায় ফটিকছড়ির আরো ৭/৮জন আহত হয়েছে যাদের চিকিত্সা চলছে বলে তিনি জানান।
