সিটি করপোরেশন ঘোষণায় ময়মনসিংহে আনন্দ মিছিল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরে ১৪ দল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। গত ২৭ জানুয়ারি সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। গতকালের আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি। জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক খোকা, ১৪ দল ও আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। পূর্ব ঘোষিত এ আনন্দ মিছিল উদ্বোধন করার আগে অধ্যক্ষ মতিউর রহমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি দাবি করেন। রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হওয়া বিশাল আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।