বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দমন করতে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ধূম্রজাল সৃষ্টি করেছে, বিতর্কের সৃষ্টি করেছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, যতই বির্তক, ধূম্রজাল সৃষ্টি করেন না কেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের আন্দোলনকে দমাতে পারবেন না। বিএনপির আন্দোলন চলবে। উপযুক্ত সময় উপযুক্ত কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আমরা মাঠে নামলে সামলাতে পারবেন না। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই। তবে তা হতে হবে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানসম্মত।
গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে কটূক্তির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, রুহুল কবীর রিজভী আহমেদ, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জামায়াতের আন্দোলনের কাছে আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগ শক্তের ভক্ত নরমের যম। শক্ত আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়তে হবে। সরকার বিভিন্ন নাটক করে জনগণের কাছে ধরা পড়ে গেছে।
এদিকে সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল মোড় হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়।
