বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল বৃহস্পতিবার কমিশন সরকারি চাকরি প্রত্যাশীদের কাছে আবেদন চেয়ে এই বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করে। ৩৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সর্বমোট ২ হাজার ৫২টি পদে নিয়োগ দেয়া হবে। কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৮০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৪২ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া শিক্ষা ক্যাডারে এক হাজার ৬৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৬৪ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা নেয়া শুরু হবে। ১৯ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে এবং ২২ মার্চ পর্যন্ত ফি জমা দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
