প্রতিবাদের মুখে ফিরে গেলেন মাহবুব-উল আলম হানিফ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এসে গতকাল বৃহস্পতিবারও আন্দোলনরতদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে সড়ক অবরোধ চলাকালে হানিফ জনতার মঞ্চে বক্তব্য দিতে ওঠেন। মঞ্চে তার নাম ঘোষণা করা হলে, আন্দোলনরত তরুণরা হইচই শুরু করেন। তারা হানিফের আগমনের প্রতিবাদ জানান। স্লোগান দেন ‘সরকারের সমঝোতার রায় জনগণ মানে না’, ‘মানি না মানবো না, আঁতাতকারীদের মানবো না’, ‘আপসের রায় মানি না’। এ পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্য যুব ও ছাত্রলীগ নেতারা জনতার বিক্ষোভ থামাতে চেষ্টা করেন। কিন্তু স্লোগান বাড়তেই থাকে। হানিফের দিকে কয়েকটি পানির বোতলও ছুঁড়ে মারা হয়। তবে সেগুলো তার গায়ে লাগেনি। জনতাকে থামাতে ব্যর্থ হয়ে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে নেমে যান হানিফ। এর আগে দুপুরে মন্ত্রী সাহারা খাতুন এমপি মঞ্চে আসলেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।