আটক ২০ ‘এনামুলের’ কেউই সেই এনামুল নয়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি হুমায়ুন ওরফে এনামুল নামের ২০ জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের কেউই প্রকৃত হুমায়ন ওরফে এনামুল নয় বলে জানিয়েছে র্যাব। এর আগে গত বুধবার সকালে রাজধানীর একটি এলাকা থেকে এনামুল নামে এক যুবককে আটক করে র্যাব সদর দফতরে নেয়া হয়। র্যাবের একটি সূত্র জানায়, আটককৃত এনামুল দেখতে অবিকল পলাতক এনামুলের মতো। পরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দহলিয়া গ্রাম থেকে এনামুলের বাবা কালা মিয়াকে ডেকে আনা হয়। সন্ধ্যায় তিনি র্যাব সদর দফতরে আটককৃত এনামুলকে তার ছেলে নয় বলে জানান। রাতেই ঐ এনামুলকে র্যাব ছেড়ে দেয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট র্যাবের এক কর্মকর্তা জানান, হুমায়ন ওরফে এনামুলকে ধরতে এ পর্যন্ত র্যাব চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, কুমিল্লা, সুনামগঞ্জ, নরসিংদীসহ অন্তত ১৫টি জেলায় অভিযান চালিয়েছে। এসব অভিযান থেকে হুমায়ন ওরফে এনামুল নামে অন্তত ২০ জনকে আটক করা হয়। এদেরকে র্যাব সদর দফতরে এনে দেখা যায় যে, প্রকৃত হুমায়ন ওরফে এনামুলের সঙ্গে কোন মিল নেই। র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, গত বুধবার হুমায়ুন ওরফে এনামুলের অবস্থানের একটি সম্ভাব্য স্থান শনাক্ত করে র্যাব। ধারণা করা হচ্ছে, যে যুবককে র্যাব টার্গেট করেছে ঐ যুবক হুমায়ুন ওরফে এনামুল হতে পারে। তবে তাকে আটকের পরই নিশ্চিত হওয়া যাবে যে, র্যাব যে হুমায়ুন ওরফে এনামুলকে খুঁজছে সেই কিনা।