দ্বিতীয় পর্যায়ের স্থায়ী মেরামত কাজের জন্য মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটির ওপর দিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ছয় দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সড়ক ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘কারিগরি কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছয় দিনে ১৪টি এক্সপানশন জয়েন্ট এবং ৬৪টি হিঞ্জ বিয়ারিংয়ের স্থায়ী পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।’
মন্ত্রী জানান, ‘তৃতীয় পর্যায়ে আগামী মার্চে সুবিধাজনক সময়ে অবশিষ্ট মেরামত কাজের জন্য ফের সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় অন্য ১০টি এক্সপানশন জয়েন্ট এবং ৩২টি হিঞ্জ বিয়ারিংয়ের স্থায়ী পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।’
