সাতক্ষীরা জেলা ও দায়রা জজের দেহরক্ষী আশরাফুল ইসলামকে হত্যার হুমকি দেয়ায় সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনউল্লাহ মোহনকে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জজ আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ বলেন, সাতক্ষীরা পৌরসভার সাবেক পৌর কমিশনার মমিনউল্লাহ মোহন সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক সম আলাউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় গতকাল বৃহস্পতিবার তিনি আদালতে হাজিরা দিতে যান। আসামিদের হাজিরার ডাক হলে মদ্যপ অবস্থায় মোহন আদালত কক্ষে ঢোকার সময় জেলা ও দায়রা জজের দেহরক্ষী আশরাফুল ইসলামকে হত্যার হুমকি দেন। বিষয়টি জেলা ও দায়রা জজ জানতে পেরে মোহনকে গ্রেফতারের নির্দেশ দেন। এ সময় পুলিশ আদালতের বারান্দা থেকে মোহনকে আটক করে।
