চাঁদপুরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের ট্রাকরোড এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে গতকাল এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের ট্রাকরোড এলাকায় তাদের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে গতকাল সমাবেশ করছিল। খবর পেয়ে পুলিশ তাদের সড়ক থেকে উঠিয়ে দিতে গেলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ উত্তেজিত জামায়াত-শিবিরকর্মীদের নিবৃত্ত করতে ১৫ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, এই ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি। আটক জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শহর জামায়াতের সেক্রেটারি আরিফ হোসেনের দাবি পুলিশ কোনো ধরনের কারণ ছাড়াই জামায়াতের সমাবেশে হামলা চালায়। এতে জামায়াত-শিবিরের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
