গুরুদাসপুরে ২ স্কুল ছাত্রকে হত্যা চেষ্টার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর দুই ছাত্র সজিব (১৪) ও সাকিলকে (১৪) হত্যা চেষ্টার প্রতিবাদে সহপাঠীরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উভয় পাশে ব্যানার ও প্লাকার্ড হাতে তারা গতকাল মানববন্ধন করে প্রতিবাদ জানায়। এতে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা যায়, হাসমারী গ্রামের জামিল, আনিস, মজির, আয়নাল ও সাইদ গত ৩০ জানুয়ারি ছুরিকাঘাত করে তাদের সহপাঠী সজিব ও সাকিলকে হত্যার চেষ্টায় চালায়। তারা এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তাদের মধ্যে সাকিলের অবস্থা আশংকাজনক। এ নিয়ে গুরুদাসপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। তাই বাধ্য হয়ে তারা রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করছে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানায়। স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান জানান, অন্যায়ভাবে তার প্রতিষ্ঠানের দুই ছাত্রকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু অভিযুক্তরা গ্রেফতার হয়নি। সাকিলের চাচা মুনজিল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তাদের মারপিট ও ছুরিকাঘাত করে। অভিযুক্ত জামিলের বাবা জমিন প্রমাণিক দাবি করেন, ওই দুই ছাত্রসহ আরো ৩ সহপাঠী নিয়ে তার স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করায় তাদের মারপিট করা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুটি অভিযোগই তদন্ত করা হচ্ছে।