যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৮
যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান স্টক আগামী ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন। সফরকালে তিনি দুই দেশের তরুণ সমাজ ও সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আওতাধীন কর্মসূচি অ্যালামনাইদের যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা এবং অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতার কার্যকারিতা সম্পর্কে কথা বলবেন। স্টক নতুন এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আওতাধীন বিনিময় কর্মসূচির অ্যালামনাইদের সঙ্গে একটি আলোচনায় নেতৃত্ব প্রদান করবেন। এই অ্যালামনাইরাই বাংলাদেশের বৃহত্তম তরুণ স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাগো ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। তরুণরা কিভাবে সমাজে পরিবর্তন আনছে তারা এই বিষয়ে আলোচনা করবেন। তিনি ঢাকায় এডুকেশনইউএসএ’র উপদেষ্টা কর্মী ও ছাত্রদের সঙ্গে এবং ইংলিশ এ্যাক্সেস মাইক্রো স্কলারশীপ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গেও সাক্ষাত্ করবেন। মিয়ানমার সফরকালে স্টক ইয়াঙ্গুনে এডুকেশনইউএসএ অর্থায়নপুষ্ট প্রথম বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করবেন।