সারাদিনের কষ্ট বা পরিশ্রমের পর রাতে একটু আরামের ঘুম সবারই কাম্য। কিন্তু সেই আরামের ঘুম যদি হারাম হয়ে যায় অযাচিত বা উটকো কোনো ঝামেলার কারণে তবে সেটা কারোই ভালো লাগার কথা নয়। বিশেষ করে প্রতিবেশীর কুকুর বা বিড়ালের ডাক কিংবা পাশের বাড়ি থেকে ভেসে আসা উচ্চ শব্দের মিউজিক যদি আপনার প্রিয় ঘুমের বারোটা বাজিয়ে দেয় তবে তা মেনে নেওয়াটাও কষ্টের হয়ে দাঁড়ায়। আর এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতেই এবার অভিনব এক আইন পাশ করেছে রাশিয়ার খ্যাতনামা শহর সেন্ট পিটার্সবার্গের নগর কর্তৃপক্ষ। নতুন এই আইনে ঘুমের বারোটা বাজিয়ে দেয় এমন সব অযাচিত শব্দ রোধে দায়ী ব্যক্তিদের জরিমানা করার বিধান রাখা হয়েছে। শহরের একাধিক অধিবাসীর দাবি ও নানা সময়ে তাদের করা অভিযোগের একটা স্থায়ী সুরাহা করতেই অভিনব এই আইনে রাতের শব্দ-দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিষয়কে অন্তর্ভূক্ত করা হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, যদি শহরের কোনো অধিবাসী মনে করেন যে প্রতিবেশীর পোষা কুকুর বা বিড়ালের ডাকাডাকির কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে তাহলে তিনি সে বিষয়ে অভিযোগ জানাতে পারেন। এ ছাড়া ঘুমের সমস্যা বিঘ্নিত করে কিংবা রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এমন অন্য কোনো শব্দ যেমন জোরে জোরে চিত্কার করা, দরজা ধাক্কানো বা আসবাবপত্র টানাটানির মতো কারণেও যদি সমস্যা হয় তাহলে তা অভিযোগ আকারে জানানো যাবে। আর এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে আদাল ন্যূনতম ৫০০ রুবল(রাশিয়ার মুদ্রা) থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার রুবল পর্যন্ত জরিমানা করতে পারবেন অভিযুক্ত ব্যক্তিকে। মজার বিষয় হলো, বাইরের দুনিয়ার এসব শব্দের পাশাপাশি ঘরের বা হোস্টেলের মতো স্থানে কারও নাক ডাকার কারণে ঘুমের সমস্যা হলে সেটিও এই আইনের আওতায় বিবেচনার জন্য উত্থাপন করা যাবে। এখন দেখার বিষয়, নতুন ও অভিনব এই আইন শেষ পর্যন্ত সেন্ট পিটার্সবার্গের অধিবাসীদের শান্তির ঘুম কতোটা রক্ষা করতে পারে।
