মেসির নতুন চুক্তি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৯
এখন বয়স তার ২৫। এরই মধ্যে ক্লাবের হয়ে জেতা সম্ভব এমন সব ট্রফি জিতে ফেলেছেন তিনি। তার শোকেসে নেই এমন কোনো ব্যক্তিগত পুরস্কার আর অবশিষ্ট নেই। ক্লাবের বিবেচনায় সর্বকালের সেরাদের একজন হয়ে গেছেন। গত চার বছর ধরে ফিফা বিশ্বসেরা ফুটবলার তিনি। পাঁচ বছর পর কোথায় থাকবেন তিনি? পাঁচ বছর পরও কী এই ফর্ম ধরে রাখতে পারবেন লিওনেল আন্দ্রেস মেসি? মেসি নিজেও অনুমান করতে পারছেন না যে, ৩০-৩১ বছর বয়সে কেমন খেলতে পারবেন তিনি। তবে এটা নিশ্চিত করতে পেরেছেন যে, সেই বয়সেও আজন্ম ভালোবাসার ক্লাব বার্সেলোনাতেই থাকবেন। জাভি-পুওলের পথ ধরে মেসি যে তার চুক্তি আরও দুবছর বাড়াতে যাচ্ছেন এটা আগেই জানা ছিল। গত পরশু বৃহস্পতিবার বার্সেলোনার অফিসে এসে সেই চুক্তিপত্রে আনুষ্ঠানিকভাবে সই করলেন মেসি। এখন চুক্তি অনুযায়ী ৩০ জুন ২০১৮ পর্যন্ত বার্সেলোনা ক্লাবেরই সম্পত্তি থাকছেন মেসি। মেসি নিজে বলছেন, তিনি এই চুক্তি করতে পেরে খুবই খুশি। ইউরোপে যতদিন আছেন বার্সেলোনাতেই থাকবেন। তিনি বলেন, ‘আমি বার্সেলোনাকে আমার বাড়ি মনে করি। আমি এখানেই খুশি আছি। আমি ইউরোপে যতদিন থাকবো এখানেই থাকতে চাই। আমি ইউরোপের আর কোনো ক্লাবে খেলতে চাই না।’ কথার মধ্যে কিন্তু একটা ছোট ফাঁক আছে। মেসি নিজেই পরিষ্কার করে দিয়েছেন, ফুটবল ক্যারিয়ারের শেষটা তার এখানে করার ইচ্ছে নেই। বিদায়টা অন্য কোথাও থেকে নিতে চান। কোথা থেকে? আর কোথায়! তিনি বলেন, ‘ইউরোপে বার্সাই আমার শেষ ঠিকানা। তবে পারলে ক্যারিয়ারটা আর্জেন্টিনায় গিয়ে শেষ করতে চাই। আর্জেন্টিনার কোনো ক্লাবের হয়ে চাই শেষ বছরগুলো খেলতে।’