ইংল্যান্ডের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে সংকট আজকের নয়। গত বিশ্বকাপেও সিনিয়র খেলোয়াড়দের অনেকের কাছ থেকে ঠিকমতো পারফরম্যান্স পাওয়া যায়নি বলে একটা ক্ষোভ আছে সমর্থকদের মধ্যে। ফলে ৯৮ ম্যাচ খেলা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বা শততম ম্যাচ খেলে ফেলা অ্যাশলি কোলরা পরের বিশ্বকাপে থাকবেন কি না; তা নিয়ে সংশয় আছে। কিন্তু ফ্রাঙ্ক ল্যাম্পার্ড নিজে বলছেন, তিনি ব্রাজিলের বিশ্বকাপের দিকেই চেয়ে আছেন। তিনি সোজাসুজি বলে দিলেন, তিনি অবসরে যাচ্ছেন না, ‘না, আমি অবসরে যাচ্ছি না। আমি যেখানেই থাকি, যে ক্লাবেই যাই কেন; আমি নিজের সেরা খেলাটা খেলতে পারলে আমি সুযোগ পাবো।’ কেন তার এই দৃঢ় প্রতীজ্ঞা, তা নিজেই ব্যাখ্যা করে বললেন ল্যাম্পার্ড, ‘আসলে যতো বয়স বাড়ে, ততোই জাতীয় দলে খেলার গুরুত্বটা বেশি উপলব্ধি করা যায়।’
