তিনি তারকাদের তারকা। বিশেষ করে গান ও নাটকের তারকারা নিজেদের ওয়েব সিরিজ বা গান মুক্তির নানান আলোচনায় তার সঙ্গেই নতুন সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি হলেন জহিরুল ইসলাম সোহেল।
সম্প্রতি বিয়ে করলেন দেশের অন্যতম প্রযাজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। কনে আইরিন আক্তার কনক।
১ মে ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে হয়ে গেল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। তার আগে ২৯ এপ্রিল বেশ ঘটা করে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে এই দম্পতির।

নবদম্পতি। ছবি: সংগৃহীত
নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে পুলিশ কনভেনশন সেন্টারে বসেছিল সংগীত তারকাদের মিলনমেলা। এসেছিলেন চলচ্চিত্র আর টিভি অঙ্গনের ব্যক্তিবর্গ।
এর মধ্যে উল্লেখযোগ্য তারকারা হলেন- কুমার বিশ্বজিৎ, হাসান মতিউর রহমান, জুলফিকার রাসেল, আঁখি আলমগীর, টিনা রাসেল, মিনার, বেলাল খান, শাওন গানওয়ালা, মিফতাহ জামান, লুৎফর হাসান, কাজী শুভ, জয় শাহরিয়ার, কিশোর, তানজীব সারোয়ার, পূজা, নাহিদ মেহেদী, রনি, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সাইফ চন্দন ও শাহীন কবির টুটুল, সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন, ইমন চৌধুরী ও সাজিদ সরকার, অভিনেতা সাগরসহ আরও অনেকে।
জহিরুল ইসলাম সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সবার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছি। জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো আমাদের। সারাজীবন যেন একসঙ্গে সুন্দরভাবে কাটাতে পারি, সেই দোয়া করবেন।’
ইত্তেফাক/জেডএইচ

