রম্য

ইয়ে

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:২৪

‘ইয়ে’ একটি আলোচিত ও অত্যন্ত সহজ সরল তাত্পর্যময় শব্দ এবং বহু অর্থবহুল বাংলা ভাষা। ‘ইয়ে’ বাংলা ভাষা হলেও বাংলাতে ইয়ের নিজস্ব কোনো অর্থ দাঁড়ায় না! তবে ইয়ে শব্দটি বিশ্বের বিভিন্ন দেশেই ব্যবহূত হয়ে থাকে। এখন কথা হলো, ‘ইয়ে’ বলতে কী বোঝায়, ইয়েটা আসলে কী? ইয়ের বিশেষ্যত্ব বলতে আমরা কী বুঝি অথবা কী বোঝাই?

ক. স্মরণ হয় না এমন কিছু। কথা প্রসঙ্গে আপনার কোনো একটি শব্দ মনে আছে কিন্তু ঐ মুহূর্তে তা স্মরণ হচ্ছে না, তখন অনেকেই ইয়ে শব্দটা ব্যবহার করে থাকে।

খ. বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁকপূরণের শব্দ। যেমন—কোনো একটি শব্দ আপনি বলতে সংকোচ বোধ করছেন অথবা বলতে লজ্জা পাচ্ছেন, তখন ইয়ে শব্দটি ব্যবহার করা যেতে পারে।

গ. মনে হয় না এমন কিছু। যে কোনো একট বিষয় আপনি কাউকে গুছিয়ে বলতে পারছেন না। অথবা আপনি সেই শব্দটার নাম জানেন না। অথবা ঐ বিষয় অথবা ঐ শব্দটি সম্পর্কে আপনি অবগত নন। তখন ইয়ে শব্দটি ব্যবহার করতে পারেন এবং ইয়ে ইয়ে করে চালিয়ে দিতে পারেন!

আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন স্থানে ইয়ে শব্দটা ব্যবহার করা যায় অথবা আমরা ব্যবহার করে থাকি।

১. ধরুন আপনার কিছু খরচের টাকা লাগবে তখন আপনার বাবা অথবা মায়ের কাছে গিয়ে বলবেন যে ‘... আমার কিছু ইয়ে লাগবে!’

২. ধরুন আপনার গার্লফ্রেন্ডকে একদিন হুট করে বাসায় নিয়ে এসে আপনার মায়ের সঙ্গে পরিচয় করে দেবার সময় ‘ইয়ে’ শব্দটি এভাবে ব্যবহার করতে পারেন—‘মা তোমাকে যে ঐ ইয়ের কথা বলেছিলাম না এই সেই ইয়ে!’

৩. ধরুন আপনি বিয়ে করবেন বলে মনস্থির করলেন অথচ লজ্জায় তা বাসার কাউকেই বলতে পারছেন না।  তখন বাসার কারো সঙ্গে শুধু এইটুকু বললেই ১০০ ভাগ কাজ হয়ে যাবে! মা/ বাবা/ ভাই/ভাবি/ আপা ‘আমি আসলে ইয়ে করব বলে ঠিক করেছি! আমি ইয়ে করব!’

৪. ধরুন আপনি কাউকে ব্লাকমেইল করছেন। আপনি যা বলছেন সেই লোকটি তাই শুনছে কিন্তু হঠাত্ যদি সেই লোকটি আপনার কোনো কথা না শোনে তাহলে আপনি শুধু বলবেন: ‘এই তোমার ইয়ের কথা সবাইকে বলে দেব কিন্তু। ব্যাস! সঙ্গে সঙ্গে সে চুপ হয়ে যাবে।’

এভাবে ‘ইয়ে’ শব্দের বর্ণনা লিখতে লিখতে আমার হাতের ‘ইয়ে’ হয়ে যাবে! তবুও ইয়ের ইয়ে লেখা শেষ হবে না। তাছাড়া আপনারা ‘ইয়ে’ পড়তে পড়তে আপনাদেরও ‘ইয়ে’ হয়ে যাবে! তাই ইয়ে সম্পর্কে সংক্ষেপে আমি কিছু ইয়ে বলে ইয়ে রচনা এখানেই ইয়ে (শেষ) করতে চাই: ইয়ে শব্দটি বাংলা ভাষাবাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থবহুল ও তাত্পর্যময় একটি বাংলা শব্দ। বাঙালিদের হূদয়ের প্রতিটা কোণে ইয়ে, ইয়ে হয়ে পৌঁছে গিয়েছে! ‘ইয়ে’ ছাড়া বাংলাভাষা চলবে কী করে?