সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
‘একুশ আছে জয়োদ্ধত, একুশ বাঁচে অবিরত’ শ্লোগান নিয়ে শুরু হলো একুশের অনুষ্ঠানমালা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভাষাসৈনিক আলোকচিত্রী আমানুল হক। অনুষ্ঠানের একুশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার বিকালে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সহ-সভাপতি লিয়াতক আলী লাকী, ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এদেশের তরুণ ও যুব সমাজের মধ্যে যে ক্ষোভ ও ক্রোধ সৃষ্টি হয়েছে আমরা তা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের ঐক্যবদ্ধ চেষ্টায় শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক এ প্রত্যাশাই করি। তিনি বলেন, সর্বস্তরে বাংলা চালু করার কথা শুধু বললেই চলবে না, এটা করতে হবে। এখনো উচ্চ আদালতের রায় পড়ে শোনানো হয় ইংরেজি ভাষায়। অনুষ্ঠানের শুরুতে ‘ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়/ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে এবারের অনুষ্ঠানমালায় ভিন্নমাত্রা যোগ হয়েছে। ১৪ দিনব্যাপী একুশের এবারের অনুষ্ঠানমালায় থাকছে ৮ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নাটক, আবৃত্তিসহ থাকছে নানা অনুষ্ঠান। এছাড়াও থাকবে ৬টি সেমিনার।