সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ৬ সদস্যের একটি প্রতিনিধি দলসহ তিনটি স্থান পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী। পরিদর্শক দল দিনভর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বুড়ীমারী মৌজার জমাদ্দার ছামের বাথান এলাকা, পৌর সদরের দ্বারিয়াপুর মৌজার টেপারবিল, নরীনা ইউনিয়নের পাড়কোলা মৌজার প্রস্তাবিত ৫০ একর জমি পরিদর্শন করেন।
পরিদর্শন দলে মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আবুল হাশেম, উপ-সচিব ফেরদৌস জামান ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ চয়ন ইসলাম সাংবাদিকদের জানান, শিগগিরই শাহজাদপুরে আন্তর্জাতিক মানের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। চলতি বছরের জুলাই থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরেই এর প্রাথমিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
