কুতুববাগ দরবার শরীফের পবিত্র ওরশ ও বিশ্ব জাকের ইজতেমা অনুষ্ঠিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫২
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে কুতুববাগ দরবার শরীফের দুই দিনব্যাপী পবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা গতকাল শুক্রবার শেষ হয়েছে। গতকাল দেশের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহসুফি আলহাজ্ব মাওলানা হযরত জাকির শাহ নকশেবন্দী-মোজাদ্দেদী কুতুববাগী ক্বেবলাজান হুজুর। এর আগে তিনি মুসলিম উম্মাহর উদ্দেশে ভাষণ দেন । তিনি বলেন, মসজিদ ফরজ নামাজের স্থান। এখানে বসে কারো সমালোচনা করা অত্যন্ত গর্হিত কাজ। অথচ মসজিদে বসে অহরহ অন্যের সমালোচনা করা হচ্ছে। দেশের অনেক মানুষ সঠিক পথে নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের উচিত সবাইকে সঠিক পথে আসা। অতীতের অনেক উলামাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আলেম উলামাদের সঙ্গ দিলে হাজার দিনের এবাদত করার ছওয়াব পাওয়া যায়। তিনি বলেন, আমাদের সকলের উচিত আল্লাহর পথে থাকা। সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। দুই দিনব্যাপী পবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা গত বৃহস্পতিবার থেকে ফার্মগেটস্থ আনোয়ারা উদ্যানে শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুসল্লী এখানে এসে এবাদতবন্দেগী করেন। কুতুববাগ দরবার শরীফের পক্ষ থেকে এদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় জিকির-আসকার, মোরাকাবা, মোশাহাদা, ওয়াজ নছিহত, মিলাদ-মাহফিল হয়। দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফত সম্পর্কে আলোচনা করেন।