জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সেলিমউদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এমপির বিরুদ্ধে কেন আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিস দিয়েছেন যুদ্ধাপরাধ ট্রাব্যুনাল-২। আগামী ২০ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশে বলা হয়, রাজনীতির নামে এবং দলীয় সদস্যকে আইনি প্রক্রিয়া থেকে বাঁচাতে কোন ব্যক্তি কোন অবস্থাতেই দেশে গৃহযুদ্ধ বাধানোর হুমকি দিতে পারেন না, যেখানে একটি আইনগতভাবে সৃষ্ট আদালতে বিচার চলছে। এ ধরনের বক্তব্য সংবিধানের জন্যও হুমকি।
