ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই দুদিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠিতব্য যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকের প্রস্তুতির আদ্যোপান্থ নিয়ে আলোচনা করতেই রঞ্জনের এ সফর। তবে আগামীকাল রবিবার তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনুবিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা থাকছে না। তবে বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি অনুমোদনকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হতেও পারে। এছাড়া সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন বিষয়াদি এজেন্ডায় আনা হবে।
বাংলাদেশ ও ভারত ১৯৭৪ সালে স্থলসীমান্ত চুক্তি সই করে। ওই চুক্তি ভারত আজ অবধি অনুমোদন করেনি। ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে প্রটোকল স্বাক্ষরিত হয়। কিন্তু এরপরও ভারতের সংসদে তা অনুমোদিত হয়নি।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদ সাংবাদিকদের আভাস দিয়েছেন, সংসদের আগামী অধিবেশনেই এ চুক্তি অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হতে পারে। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশীদ ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন।
