কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টরন্টোস্থ বাংলাপাড়া ড্যানফোর্থে নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিরা মানববন্ধন করে। ৭ ফেব্রুয়ারি তীব্র শীতে মাইনাস ১০ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসে প্রতিবাদীরা। তারা ঢাকার শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানান, শনিবার ৯ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় আবারও একই স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এদিকে কানাডা প্রবাসী লেখক-সাংবাদিকরা এক বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায়ে হতাশ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিদাতারা হলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্দোলনের রূপকার রফিকুল ইসলাম, ছড়াকার লুত্ফর রহমান রিটন, কবি ইকবাল হাসান, কথাশিল্পী সৈয়দ ইকবাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ড. মোজাম্মেল খান, ড. মাহবুব রেজা, সাংবাদিক সুব্রত নন্দী, সাংবাদিক সুমন রহমান, বেঙ্গলি টাইমস সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, সাংবাদিক মাহাবুবুল হাসান নীরু, কথাশিল্পী রাকীব হাসান, কবি নাহার মনিকা প্রমুখ।
