যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশি যুবক কাজী নাফিস তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। নিউইয়র্কে ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে বৃহস্পতিবার এই স্বীকারোক্তি দেয় কাজী নাফিস। জবানবন্দির সময় আদালতে উপস্থিত একমাত্র বাঙালি সাংবাদিক লাবলু আনসার জানান, আদালতে বাংলাদেশের কোন কূটনীতিক উপস্থিত ছিলেন না। আদালতে আধা ঘণ্টা শুনানি হয়েছে। বিচারক বার বার কাজী নাফিসের কাছে জানতে চাইছিলেন, তার দোষ স্বীকার করার পেছনে কারও ভয়ভীতি বা অন্য কোন বিষয় রয়েছে কিনা। কিন্তু কাজী নাফিস প্রত্যেকবারই স্বাভাবিকভাবে একই বক্তব্য তুলে ধরেছেন যে তিনি অপরাধ করেছেন। স্বীকারোক্তির পিছনে কারও প্রভাব নেই।
আদালত ৩০ মে রায় দেয়ার দিন নির্ধারণ করেছে। গত বছরের জানুয়ারি মাসে ছাত্র ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান কাজি নাফিস। তাকে গত অক্টোবর মাসে ফাঁদ পেতে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এফবিআই। তার বিরুদ্ধে বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনা এবং আল কায়েদার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। নিউইয়র্ক টাইমস জানায়, তার ৩০ বছরের সাজা হতে পারে।
