জামায়াত শিবিরের নেতা-কর্মী হত্যাকারীদের বিচার, কাদের মোল্লার রায় ও ট্রাইব্যুনাল বাতিল, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ শনিবার বৃহত্তর চট্টগ্রামে পূর্ণ দিবস হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা। হরতালের সমর্থনে শুক্রবার নগরীর বাকলিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগর জামায়াত। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ প্রমুখ। নগর বিএনপিও এক বিবৃতিতে এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে হরতালে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ। সিএমপির উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার জানান, হরতাল চলাকালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হতে পারে বলেও তিনি জানান।
