বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাহবাগের মহাসমাবেশ গণতন্ত্রের জন্য জনগণের আন্দোলন। গণতন্ত্র ও তাদের অধিকার আদায়ের জন্য জনগণ জেগে উঠেছে। এই আন্দোলনে জনগণের বিজয় হবেই।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করতে আসেন সদ্য কারামুক্ত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ‘অবরুদ্ধ’অবস্থা থেকে মুক্ত দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
