কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই হবে রাজাকারমুক্ত বাংলাদেশ।
জোটের আহ্বায়ক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ওলামা লীগ সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী, বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মাসুদ খান বাবু , বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর প্রমুখ। শেষে একটি মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ স্কয়ারে গিয়ে শেষ হয়।
