আসছে নকিয়ার স্বল্পমূল্যের উইন্ডোজ ৮ স্মার্টফোন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
উইন্ডোজ ফোন তৈরিতে আগে থেকেই কাজ করছে নকিয়া। এর আগে তারা লুমিয়া সিরিজের অনেকগুলো ফোন বাজারে নিয়ে আসে। নকিয়ার পড়তি বাজারে কিছুটা হলেও প্রাণসঞ্চার করে লুমিয়া সিরিজের ফোনগুলো। তবে দামের দিক থেকে বিবেচনা করলে লুমিয়ার হ্যান্ডসেটগুলো ছিল সাধারন মানুষের নাগালের বাইরে। তবে নকিয়া বরাবরই স্বল্পমূল্যের হ্যান্ডসেট তৈরিতে এগিয়ে এসেছে এবং উইন্ডোজ ফোন তৈরিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখছে তারা। আসছে ২৫ ফেব্রুয়ারিতে রয়েছে নকিয়ার প্রেস ইভেন্ট। আর সেই প্রেস ইভেন্টে নকিয়ার সামনের দিনের ব্যবসায়িক কৌশল এবং আগামী দিনের পণ্যসম্ভার নিয়ে হাজির হওয়ার কথা রয়েছে। এই পণ্যসম্ভারের মধ্যে প্রথমবারের মতো ট্যাবলেট পিসি প্রদর্শন করার কথা আগেই জানা গেছে বিভিন্ন ওয়েবসাইটে। এর বাইরে পিওরভিউ প্রযুক্তির লুমিয়া ফোনের কথাও জানা গেছে। তবে এর বাইরেও উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ দিয়ে তৈরি স্মার্টফোন বাজারে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন মাইনকিয়াব্লগ সাইটের একজন প্রতিবেদক। এসব উইন্ডোজ ৮ ফোনের বিশেষত্ব হচ্ছে, দামের দিক থেকে এগুলো হবে তুলনামূলকভাবে অনেক সস্তা। প্রতিবেদক জানিয়েছেন, লুমিয়া ৭২০ এবং লুমিয়া ৫২০ মডেলে বাজারে আসবে এগুলো। এর মধ্যে লুমিয়া ৭২০-এর কোডনাম জিল, যা চলবে উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে ৪.৩ ইঞ্চি ক্লিয়ার ব্ল্যাক ডিসপ্লে, ১ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি স্টোরেজ সমর্থন প্রভৃতি। এইচএসপিএ+ নেটওয়ার্ক সমর্থন এবং ৬ ও ২ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ডুয়েল ক্যামেরা থাকারও কথা রয়েছে। অন্যদিকে লুমিয়া ৫২০ মডেলের ফোনেও রয়েছে উইন্ডোজ ফোন৮ অপারেটিং সিস্টেম, ৪ ইঞ্চি সুপার সেনসিটিভ ডিসপ্লে, ১ গিগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি সমর্থন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি। ধারণা করা হচ্ছে, এই দুইটি উইন্ডোজ ৮ ফোনের দাম হবে ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে। নকিয়া আশা করছে, এই স্মার্টফোন দুইটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে।