শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে গফরগাঁও আওয়ামী লীগ নেতা কাজল ডিলারকে (৪০) শ্রীপুর থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, কার্তুজ ও ইয়াবাসহ শুক্রবার দিন ভোররাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কাজল ময়মনসিংহ জেলার নবগঠিত পাগলা থানার শ্রীপুরের সীমান্তবর্তী পাইথল গ্রামের আব্দুল হেলিমের পুত্র। তার দেহ তল্লাশি করে ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১টি কার্তুজ পায়। পরে তার স্বীকারোক্তিতে ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌর এলাকার ২ নং সিএন্ডবি (চন্নাপাড়া) গ্রামে তার সদ্যনির্মিত নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি চাইনিজ চাপাতি, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার, গফরগাঁও থানার, গফরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতির, কর্মসৃজন কর্মসূচির সভাপতির ও গয়েশপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির নাম ও পদবীসহ ডিজিটাল রাবার সীল এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকা উত্তোলনের প্রয়োজনীয় কাগজপত্র ও চেক উদ্ধার করে। এদিকে কথিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা কাজল ডিলারকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করায় গাজীপুর জেলার পুলিশ সুপার আব্দুল বাতেন গ্রেফতারকারী এসআই কিবরিয়াকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। গ্রেফতারকৃত কাজল জানায়, গফরগাঁওয়ের স্থানীয় এমপি ক্যাপ্টেন গিয়াসউদ্দিন শত্রুতাবশত গফরগাঁও থানায় একাধিক মামলা দিয়ে তাকে হয়রানি করছে।
