গত বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্নস্থানে নিপা ভাইরাসে মানুষের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুড়পাড়া এলাকার সহস্রাধিক বাসিন্দা। কয়েক যুগ ধরে উপজেলা সদরের মেডিক্যাল মোড় সংলগ্ন জেলেপাড়ার ৪০-৫০টি রেন্ট্রি গাছ জুড়ে হাজার হাজার বাদুড়ের বসবাস থাকায় এটি এখন বাদুড়পাড়া হিসেবে পরিচিতি লাভ করেছে। বাদুড় থেকেই বর্তমানে ভয়াবহ নিপা ভাইরাস সংক্রমণে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে এই পাড়াটি। বাদুড় বিস্তৃত জেলে পাড়ায় প্রায় হাজার লোকের বাস। আর এখানে শতাধিক পরিবারের শত শত শিশু নিপা ভাইরাস সংক্রমণের চরম ঝুঁকির মাঝে রয়েছে। এই ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষার্থে প্রশাসন থেকে নেয়া হয়নি সচেতনতা উদ্যোগ।
স্থানীয়রা জানায়, খুব ভোর থেকেই জেলেপাড়া বাসির ঘুম ভাঙ্গে বাদুড় বাহিনীর কিচির মিচির শব্দে। বিকাল থেকে এলাকায় বিভিন্ন গাছের ফল ও খেজুর রসের হানা দিতে শুরু করে এরা। সংগ্রহকৃত কিছু কিছু ফল আবার এরা বসত স্থানে নিয়ে আসে। সেখান থেকে স্থানীয় শিশুরা বাদুড়ে খাওয়া ফল বিশেষ করে কাঠবাদাম কুড়িয়ে নিয়ে খাচ্ছে। বাদুড়ের লালা মিশ্রিত খাবার খেলে মানুষের দেহে নিপা ভাইরাস সংক্রমিত হয় এমন খবর প্রকাশ হওয়ায় স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এতদিন পর্যন্ত বাদুড়ের যাতনা সহ্য করে আসলেও এখন তাদের মধ্যে বাদুড় নিয়ে আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক আবুল খায়েল মাহমুদ রাসেল বলেন, যেখানে হাজার হাজার বাদুড়ের বাস সেখানে নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি। বাদুড়ের অর্ধভুক্ত খাবার, লালা ও বিষ্ঠা থেকে এই ভাইরাস দ্রুত ছড়ায়। এ ব্যাপারে জনসচেতনতার বিকল্প কিছু নেই বলে তিনি মন্তব্য করেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার অতি দ্রুত বাদুড়পাড়ায় জনসচেতনতামূলক প্রচারণা শুরু করা হবে বলে জানান।
