জামায়াতে ইসলামীর আহ্বানে গতকাল রবিবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পূর্ণ দিবস হরতাল পালিত হয়েছে। সমপ্রতি চট্টগ্রামে নিহত জামায়াত কর্মী হত্যাকারীদের বিচার, জামায়াত নেতা কাদের মোল্লার বিচারের রায় ও ট্রাইব্যুনাল বাতিল ও দলের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে মহানগর জামায়াত এ হরতাল আহ্বান করে। হরতাল চলাকালে নগরীর বিভিন্ন স্থানে জামায়াত ও শিবির কর্মীরা সমাবেশ ও মিছিল করলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। নগরীর সড়কগুলোতে ভারী যানবাহন খুব একটা চলাচল না করলেও রাস্তায় প্রচুর রিকশা, সিএনজি অটোরিকশা ও টেম্পো চলাচল করেছে। শহর থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বন্দরের জেটিগুলোতে পণ্য খালাসের কার্যক্রম পুরোদমে চলেছে।
হরতাল চলাকালে নগরীর লালদীঘি, চান্দগাঁও, এনায়েত বাজার, বাকলিয়া, বন্দর, বায়েজীদ, পাঁচলাইশ, খুলশী ও পাহাড়তলি এলাকায় জামায়াতের স্থানীয় শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল হয়। নগর বিএনপি এ হরতালে সমর্থন দিলেও তাদের কোনো নেতা মাঠে ছিলেন না।
