শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ই-পেমেন্ট চালু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ই-পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এখন থেকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টার ফি, ভর্তি ফি, ট্রান্সক্র্বি উত্তোলন ফি ইত্যাদি অনলাইনে জমা দিতে পারবেন। শাবিপ্রবির জন্য এ সুবিধা চালু করেছে ক্রিস ক্রস কম্পিউটারস (www.crisscrossbd.com)। তাদের সহযোগিতায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পেমেন্ট গেটওয়ের সাহায্যে এ কাজটি হবে। সম্প্রতি ডিবিবিএলের প্রধান কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ মো. ইসফাকুল হোসেন, ক্রিস ক্রস কম্পিউটারসের পক্ষে ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং ডাচ বাংলা ব্যাংকের পক্ষে মোঃ কামরুজ্জামান চুক্তিটি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির অধ্যাপক মো. সালেহ উদ্দিন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াছমিন হক, অধ্যাপক ইলিয়াছ উদ্দিন বিশ্বাস, প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব, ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা এই পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবে।